হরমুজ প্রণালী পারের চেষ্টার সময় মাইনের আঘাতে চার ট্যাঙ্কারে আগুন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে মাইনের আঘাতে চারটি তেল ট্যাঙ্কারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর ঠিক এক দিন আগে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল যে, তারা এই জলপথের প্রধান রুটগুলো মুক্ত করেছে।
বৃহস্পতিবার আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘‘গত ২৪ ঘণ্টায়, তিনটি আইন লঙ্ঘনকারী তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালীর অননুমোদিত দক্ষিণ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।’’
পরবর্তীতে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায় যে, ‘‘একটি নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় কার্যক্রম পরিচালনার সময়" মাইনের আঘাতে প্রণালীর পূর্ব দিকে আরেকটি ট্যাঙ্কারে আগুন লেগেছে।’’
বিবৃতিতে বলা হয়, প্রথম তিনটি জাহাজ তাদের সব রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল" এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেছিল।
এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে বা ট্যাঙ্কারগুলো কোন দেশের পতাকা বহন করছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছে, তারা ওমানের খাসাব থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পূর্বে হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে।
কয়েক ঘণ্টা পর ইউকেএমটিও জানায় যে আগুন নেভানো হয়েছে এবং ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
সামুদ্রিক সংস্থাটি জানায়, একটি ছোট নৌকা ওই ট্যাঙ্কারের বাম দিক (পোর্ট সাইড) দিয়ে কাছে আসে এবং পানির উপরিভাগের হালের সাথে দুটি বিস্ফোরক ডিভাইস যুক্ত করে দেয়।
‘‘পরবর্তী বিস্ফোরণের ফলে ইঞ্জিনের ঘরে আগুন লেগে যায়, যা সাময়িকভাবে জাহাজটিকে অচল করে দেয়।’’
এর আগে, ইউকেএমটিও ওই এলাকায় আরও দুটি ঘটনার কথা জানিয়েছিল। একটি সামুদ্রিক নিরাপত্তা ঘটনার পর একটি ধোনি (ঐতিহ্যবাহী নৌকা) আগুন লেগে ডুবে যায় এবং হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি ট্যাঙ্কারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান বেশ কয়েকটি জাহাজে সামুদ্রিক মাইনের আঘাত লাগার কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও জোর দিয়ে বলেছে যে, ‘প্রধান ট্রানজিট রুট’-এর সব মাইন অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার আইআরজিসি-র মুখপাত্র হোসেইন মোহেবি এই দাবিকে চ্যালেঞ্জ করে এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন: ‘বিবৃতি দিয়ে নয়, স্বাধীন প্রমাণ দিয়ে হরমুজ প্রণালীর মাইন মুক্ত করার দাবি প্রমাণ করুন!’
