EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানকে অস্তিত্বগত হুমকি আখ্যা দিয়ে ট্রাম্পকে বার্তা নেতানিয়াহুর

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

ইরানকে অস্তিত্বগত হুমকি আখ্যা দিয়ে ট্রাম্পকে বার্তা নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

অ অ

ইরানকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের দুই দিন আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিবে পরমাণু বিস্ফোরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর কাজে লাগানোর আহ্বান জানান।

নেতানিয়াহুর পোস্ট করা ছবিতে ঘনবসতিপূর্ণ শহরের ওপর বিশাল মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। ছবিটির সঙ্গে ইসরাইলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্যও শেয়ার করেন তিনি।

পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরাইল বাস্তব ও স্পষ্ট অস্তিত্বগত বিপদের মুখে রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে পরিস্থিতি বদলে যাবে। তাঁর দাবি, ইরান ও শিয়া অক্ষের হুমকির তুলনায় অন্য বিষয়গুলো তুচ্ছ। বিভিন্ন বিতর্ক ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করার মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ইরানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পের হাতে আর দুই বছর সময় রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কে আসবেন, তা নিশ্চিত নয়। তাই ইসরাইলের অস্তিত্ব নিশ্চিত করতে আগামী বছরগুলোতে রাষ্ট্রের সব প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তবে নেতানিয়াহুর পোস্টের সমালোচনা করেছেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, নেতানিয়াহু ততই নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের ছবি প্রকাশের সমালোচনা করে তিনি নেতানিয়াহুকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার কথাও বলেন।


ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের অভিযোগ, নেতানিয়াহু আবারও ভয় ছড়ানোর কৌশল নিয়েছেন। তাঁর দাবি, নির্বাচনি প্রচারে মিথ্যা ও আতঙ্ক ছড়ানো হচ্ছে।

আগামী মঙ্গলবার ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন