EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউরোপের পক্ষে রাশিয়াকে সামরিকভাবে হারানো অসম্ভব: পুতিন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

ইউরোপের পক্ষে রাশিয়াকে সামরিকভাবে হারানো অসম্ভব: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

অ অ

ইউরোপীয় দেশগুলোর পক্ষে রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে মস্কো প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাংবাদিককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বক্তব্যের সমালোচনা করে পুতিন একে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ইউরোপ প্রতিনিয়ত রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতির যে হুমকি দিচ্ছে, তা বাস্তবতাবিবর্জিত। তথাকথিত ‘রুশ হুমকি’ নিয়ে ইউরোপের নানা বক্তব্য সত্ত্বেও রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা তাদের পক্ষে সম্ভব নয়। 

পুতিন আরও বলেন, অতীতে যারা রাশিয়াকে পরাজিত করতে চেয়েছিল এবং বর্তমানে যারা সেই চেষ্টা করছে, তারা একসময় বুঝতে পারবে যে রাশিয়ার সঙ্গে শত্রুতার চেয়ে বন্ধুত্ব বজায় রাখাই ভালো।

তিনি বলেন, ইউরোপের জনগণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। রাশিয়াও ইউরোপের সঙ্গে যুদ্ধে যেতে চায় না।

ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে রাশিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন পুতিন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে বলব—হ্যাঁ, আমরা সম্মত হয়েছি যে ত্রিপক্ষীয় পরামর্শ বা আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত।”

এর আগে পুতিনের জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বরের পর এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেবেন।

আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধের অবসান এবং টেকসই সমাধানের পথ খুঁজতেই এ কূটনৈতিক তৎপরতা চলছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, পুতিনের সঙ্গে বৈঠকের আগের দিন নরওয়ের রাজধানী অসলেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন উইটকফ। ওই বৈঠকে আলোচিত প্রস্তাবগুলোই পুতিনের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে জানা গেছে।

সাক্ষাৎকারে ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম জাতি’ হিসেবে উল্লেখ করেন পুতিন। সাম্প্রতিক জেনেটিক গবেষণার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা প্রকৃতপক্ষে ‘একই জাতি’।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সমালোচনা করে পুতিন অভিযোগ করেন, কিয়েভ প্রশাসন নিজেদের নাগরিকদের ‘কামানের খাদ্য’ হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, রাস্তাঘাট থেকে সাধারণ মানুষকে ধরে নিয়ে জোর করে সম্মুখসমরে পাঠানো হচ্ছে, যদিও তাঁদের লড়াই করার মানসিক প্রেরণা নেই।

আরও পড়ুন