‘বদর প্রতিরক্ষা চুক্তি’-তে সই করল চার মুসলিমপ্রধান দেশ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ে সহযোগিতা বাড়াতে ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ নামে একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া।
বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি।
চুক্তির আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, গবেষণা ও উন্নয়ন এবং প্রতিরক্ষাশিল্পের বিকাশে সহযোগিতা করবে দেশগুলো। পাশাপাশি আধুনিক সামরিক প্রযুক্তি ও শিল্পভিত্তিক সমাধান উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চার দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং নিজ নিজ সামরিক সক্ষমতা জোরদার করাই এ সমঝোতার মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রতিরক্ষাশিল্পে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রকল্প গ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান এবং ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খাজা আসিফ। অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন।
তবে চুক্তির আওতায় কী ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে, কত অর্থ বিনিয়োগ করা হবে কিংবা পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তার কোনো ব্যবস্থা থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অন্য কোনো আঞ্চলিক প্রতিরক্ষা জোটের সঙ্গে এ চুক্তির আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত চুক্তি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
-6acf0b4a0ed62.jpg)