দায়িত্ব নেওয়ার পাঁচ দিনেই বরখাস্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম
কেটি জাকারিয়া। ছবি: রয়টার্স
দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) ট্রাম্পের উপদেষ্টারা এ তথ্য জানিয়েছেন।
দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই জাকারিয়ার উপস্থাপনা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই তাঁকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি জাকারিয়াকে প্রেস সেক্রেটারির পদে থাকা নিয়ে নতুন করে ভাবতে বলেছেন।
জর্জিয়ার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি বলেন, গণমাধ্যম জাকারিয়ার সঙ্গে অন্যায় আচরণ করেছে। তবে সরকারের প্রধান মুখপাত্র হিসেবে জাকারিয়া এই দায়িত্বের জন্য উপযুক্ত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
জাকারিয়াকে কী বলেছেন, তা জানাতে গিয়ে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।” তিনি আরও বলেন, “কেটি, তোমার কি এই চাকরিটা প্রয়োজন? আমার মনে হয় না, তোমার এটা প্রয়োজন।”
গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। তাঁকে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। সেদিন তিনি সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন। এরপর তাঁর পেশাগত যোগ্যতা নিয়েও বিতর্ক শুরু হয়।
ট্রাম্প নিয়োগের সময় জাকারিয়াকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে জাকারিয়া জানান, তিনি কখনো আইনজীবীদের বার পরীক্ষায় পাস করেননি। এ বিষয়ে ফক্স নিউজে দেওয়া তাঁর কয়েকটি সাক্ষাৎকার নিয়েও সমালোচনা হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রথম সংবাদ সম্মেলনের পর ট্রাম্প শুরুতে জাকারিয়ার পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না। তবে বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে শন হ্যানিটির অনুষ্ঠানে জাকারিয়ার সাক্ষাৎকার এবং নিজের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনার পর তাঁর মনোভাব বদলে যায়।
ট্রাম্পের ধারণা হয়, জাকারিয়াকে ওই পদে রাখা কঠিন হবে। তাঁর এক ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, ট্রাম্প মনে করছিলেন, জাকারিয়া হয়তো বড় পরিসরে দায়িত্ব পালনের জন্য এখনো প্রস্তুত নন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, জাকারিয়া প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ট্রাম্পের এক উপদেষ্টা জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি হোয়াইট হাউস ছাড়বেন।
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্যক্তি হিসেবে জাকারিয়াকে তিনি এখনো পছন্দ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধাশীল। শুক্রবার রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে দুই পরিবারের একসঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
রক্ষণশীল টেলিভিশন ভাষ্যকার হিসেবে ট্রাম্পের নজরে এসেছিলেন জাকারিয়া। তাঁকে নিয়োগ দেওয়ার আগে সম্ভাব্য কয়েকজন প্রার্থী বাদ পড়েন। তাঁদের কেউ কেউ আগে ট্রাম্পের সমালোচনা করেছিলেন।
জাকারিয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে মাত্র পাঁচ দিন দায়িত্ব পালন করেন। তাঁর এই মেয়াদ ২০১৭ সালে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচির ১১ দিনের মেয়াদের চেয়েও কম।
সূত্র: সিএনএন
-6ad1548bef8e7.jpg)
