সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
এর আগে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ এএম
ছবি: সংগৃহীত
সমালোচনা ও বিরোধিতার মুখে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর উপস্থিত থেকে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি।
ট্রাম্প লিখেছেন, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা অন্যদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারত। এতে বিশ্ব দেখতে পেত, সন্ত্রাসী ও নিদাল হাসানের মতো অপরাধীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে।
তবে অনেক ভালো ও বিবেকবান মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তাঁর মৃত্যুর দৃশ্য দেখতে চান না বলে উল্লেখ করেন ট্রাম্প। এ কারণে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে না বলে জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর উপস্থিত থেকে তা দেখতে পারবেন। তাঁর ভাষ্য, তাঁরা ন্যায়বিচার প্রত্যক্ষ করার অধিকার রাখেন।
আগামী ৩ ডিসেম্বর হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। তবে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও সংশয় প্রকাশ করেন। তাঁদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রয়েছেন। ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও এ সিদ্ধান্তের সমালোচনা করেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি দেখতে পারবেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কত ভয়াবহ, তা মানুষের বোঝা উচিত।
মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে হেগসেথ বলেন, একদল সেনা গুলি করে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করবেন।
সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপেও দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিরোধী।
নিদাল হাসান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মনোরোগ বিশেষজ্ঞ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে সামরিক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।
-6ad12d89e8243.jpg)