জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে ভারত যাচ্ছেন রুবিও
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফর করবেন রুবিও। ভারত সফরের সময় তিনি মুম্বাই ও জামনগর এবং উজবেকিস্তান সফরে সমরকন্দে যাবেন।
চলতি বছর এটি তাঁর দ্বিতীয় আনুষ্ঠানিক ভারত সফর। খবর ব্লুমবার্গ ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারত সফরে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারি আরও জোরদার করার পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ খুঁজতে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন রুবিও।
ভারত সফরের আগে উজবেকিস্তানে সি৫+১ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এ ফোরামে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্য এশিয়ার পাঁচ দেশ—উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সফরে অংশগ্রহণকারী দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন রুবিও।
উজবেকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলও থাকবে। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এ সফরের অন্যতম লক্ষ্য।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগও বাড়ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। দুই দেশের সম্পর্কের আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কলকাতায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোর প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতার বিষয় তুলে ধরেন। এ ছাড়া যৌথ সামরিক মহড়া, ভারতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধ সরবরাহে ভারতের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২৩ থেকে ২৬ মে ভারত সফর করেছিলেন মার্কো রুবিও।

-6ac8774ea7663.jpg)