EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টে রাহুলের মামলা, ‘পুরো দেশই হবে যন্তর মন্তর’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

সুপ্রিম কোর্টে রাহুলের মামলা, ‘পুরো দেশই হবে যন্তর মন্তর’

ছবি: সংগৃহীত

অ অ

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাহুল গান্ধীসহ ১১ বিরোধী নেতা। একই দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ মিছিল নিয়ে আদালতের দিকে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাঁদের আটকে দেয়।

অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ- এমন সিদ্ধান্তের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজীত দীপক বলেছেন, ‘এবার পুরো দেশই যন্তর মন্তর হবে।’

সোমবার (১২ অক্টোবর) বিকেলে কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে যাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের নেতারা। পরে বারাখম্বা এলাকায় বাস থেকে নেমে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবসহ অন্য নেতারা। ভগবান দাস মার্গে পুলিশ ও আধাসেনা সদস্যরা মানবশৃঙ্খল তৈরি করে তাঁদের আটকে দেন। 

এর আগে কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, জ্ঞানেশ কুমার ভয়ে আছেন এবং রাতে ঘুমাতে পারছেন না। তাঁকে ‘রাজসাক্ষী’ হয়ে পদত্যাগ করার আহ্বান জানান রাহুল। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল ও গৌতম আদানি জ্ঞানেশ কুমারের ওপর চাপ সৃষ্টি করছেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর দাবি, অনেক পুলিশ কর্মকর্তা বিরোধীদের আন্দোলনকে সমর্থন করছেন এবং জ্ঞানেশ কুমারকে রক্ষার বিষয়েও প্রশ্ন তুলছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাহুল গান্ধীসহ ১১ নেতা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন। অন্যদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়্গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এমএ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, সুপ্রিয়া সুলে ও ইটি মহম্মদ বশির। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও অসাংবিধানিক কার্যক্রম চলছে। তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলার শুনানি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে দিল্লি পুলিশ জানিয়েছে, সিজেপি সেখানে আর বিক্ষোভ করতে পারবে না। দলটির জন্য রামলীলা ময়দান, বুরারি মাঠ ও পূর্ব দিল্লির সিবিডি মাঠ নির্ধারণ করা হয়েছে। ১১ অক্টোবর পুলিশ কমিশনার অনুরাগ কুমারের নির্দেশে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে বাতিল করা হয়। এর আগে ২৮ এপ্রিলের নির্দেশিকায় স্থানটিকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সিজেপি প্রধান অভিজীত দীপক বলেন, ‘এবার পুরো দেশই যন্তর মন্তর হবে।’

সোমবারের মিছিলে ব্যাটম্যানের মুখোশ পরে নজর কাড়েন রাহুল। এনএসইউআই কর্মীরা ওই মুখোশ বিতরণ করেন। এর মাধ্যমে রাহুলকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একজন হিসেবে তুলে ধরতে চেয়েছে কংগ্রেস।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন