প্লেগে গবেষকের মৃত্যু, রাশিয়ায় দুই শতাধিক কোয়ারেন্টাইনে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর পর দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত পাঁচটি হাসপাতাল।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, ইরকুৎস্ক অঞ্চলের শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন নিহত দারিয়া শিপিলোভা। ধারণা করা হচ্ছে, তিনি প্লেগের সবচেয়ে বিপজ্জনক ধরন নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, নমুনা সংগ্রহের সময় জীবিত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব দুর্ঘটনাবশত ভেঙে যাওয়ার কথা চিকিৎসকদের জানিয়েছিলেন শিপিলোভা। ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভেন্টিলেটরে নেওয়া হলেও ১ অক্টোবর তার মৃত্যু হয়।
শিপিলোভার সংস্পর্শে আসতে পারেন—এমন ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি ইরকুৎস্কে বিভিন্ন জনসমাগম ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমে ঘটনাটিকে ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণের’ সন্দেহজনক ঘটনা হিসেবে উল্লেখ করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। পরে তিনি বলেন, এটি অজ্ঞাত কারণে হওয়া নিউমোনিয়ার একটি ঘটনা। রোগীর নমুনায় তার পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কোনো অণুজীব শনাক্ত হয়নি বলেও জানান তিনি।
এদিকে রাশিয়ার প্রতিবেশী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরকুৎস্ক অঞ্চলের এক নারী ‘সম্ভবত প্লেগে মারা গেছেন’। তবে বুরিয়াতিয়ায় প্লেগের কোনো প্রাদুর্ভাব নেই বলেও জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, নিউমোনিক প্লেগ প্লেগের সবচেয়ে বিপজ্জনক ধরন। আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এটি অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে। দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা না হলে রোগটি প্রাণঘাতী হতে পারে। তবে উপসর্গ শুরুর ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
