ঢাকায় রাশিয়ান হাউসে স্পুটনিকফেস্ট, মহাকাশ নিয়ে শিক্ষার্থীদের উৎসব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে ‘স্পুটনিকফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
১৯৫৭ সালের ৪ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এর মধ্য দিয়ে মানবজাতির মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়।
অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। রাজধানীর বাইরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। শিক্ষক, জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যার এ আয়োজনে মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধান নিয়ে বিভিন্ন কার্যক্রম ছিল। এর মধ্যে ছিল স্পুটনিক-১ ও আধুনিক মহাকাশ অনুসন্ধানবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। ছিল রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে সেমিনার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। রাতে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণেরও ব্যবস্থা ছিল।
সেমিনারে দেশের শিক্ষা ও জ্যোতির্বিজ্ঞান অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেহেনা নাসরিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয়।
বক্তারা পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেন। তারা বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধানের প্রতি আরও আগ্রহী হওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয় রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়েও কথা বলেন। তিনি রুশ সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির বিষয়ে তরুণদের জানান।
বিশেষ করে মহাকাশ প্রকৌশল, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগের কথা তুলে ধরেন তিনি।