ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর ক্রিস মারফি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি তার সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিন দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। যুদ্ধের প্রভাব নিয়ে কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং সংঘাত বন্ধের প্রচেষ্টা সম্পর্কে জানাও তার সফরের অন্যতম উদ্দেশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি তার সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন।
প্রথমত, যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে যুদ্ধের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখা। তার মতে, মার্কিন সিনেটরদের জন্য ঘটনাস্থলে গিয়ে এসব ক্ষয়ক্ষতি দেখা গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে সংঘাত বন্ধে চলমান প্রচেষ্টা সম্পর্কেও তাদের কাছ থেকে বিস্তারিত জানবেন।
তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চল নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কী ধরনের নীতি গ্রহণ করা উচিত, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মারফি।
তিনি বলেন, ‘এই যুদ্ধ যখন তীব্রভাবে চলছে, তখন দুই দলেরই যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কাতার বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে আলোচনার পথ তৈরিতে দোহা কাজ করছে।
