EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হাইতিতে গ্যাং সহিংসতায় ৫৭০০ জন হতাহত: জাতিসংঘ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

হাইতিতে গ্যাং সহিংসতায় ৫৭০০ জন হতাহত: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

হাইতিতে গ্যাং সহিংসতায় চলতি বছর ৫ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত গ্যাংয়ের হামলা এবং তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানান, এ সময়ে ২৩০ জনের বেশি মানুষ অপহৃত হয়েছেন। এ ছাড়া প্রায় ১ হাজার নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার হাইতির পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে তুর্ক বলেন, নিহত ও আহতদের অর্ধেকের বেশি নিরাপত্তা বাহিনীর গ্যাংবিরোধী অভিযানের সময় হতাহত হয়েছেন। এ ছাড়া বিপথগামী গুলি ও বিস্ফোরক বহনকারী ড্রোনের আঘাতেও শত শত মানুষ হতাহত হয়েছেন।

তুর্ক বলেন, হাইতির গ্যাংগুলো ক্রমাগত নিজেদের কৌশল বদলাচ্ছে এবং বিভিন্ন এলাকায় তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। জাতিসংঘের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, তারা নতুন এলাকা ও গুরুত্বপূর্ণ পরিবহনপথ দখলের চেষ্টা করছে। এতে দেশটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

হাইতিতে কয়েক দশক ধরেই বিভিন্ন গ্যাংয়ের প্রভাব রয়েছে। তবে ২০২১ সালের ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইজ হত্যার পর তৈরি হওয়া রাজনৈতিক ও প্রশাসনিক সংকটকে কাজে লাগিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জানান, সাম্প্রতিক মাসগুলোতে বিশেষায়িত পুলিশ ইউনিটের বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমেছে। তবে গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা ব্যক্তিরা এখনো তাৎক্ষণিক হত্যার বড় ঝুঁকিতে রয়েছেন।

এদিকে হাইতিতে গ্যাংয়ে শিশুদের নিয়োগের হারও বেড়েছে। তুর্কের ভাষ্য, এই হার প্রায় তিন গুণ বেড়েছে। অনেক অপ্রাপ্তবয়স্কের কাছে গ্যাংয়ে যোগ দেওয়া বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন।

২০১৬ সালের পর প্রথমবারের মতো আগামী ১৩ ডিসেম্বর হাইতিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পরিবেশ তৈরি হবে কি না, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তুর্ক।

গ্যাং সহিংসতা নিয়ন্ত্রণে ২০২৫ সাল থেকে হাইতিতে একটি বহুজাতিক পুলিশ বাহিনী কাজ করছে। তবে গ্যাংয়ের নিয়ন্ত্রণে থাকা এলাকায় প্রবেশ করতে গিয়ে বাহিনীটিকে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন