EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জোহানেসবার্গের পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

জোহানেসবার্গের পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ছবি: সংগৃহীত

অ অ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হামলায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায়, ওয়েদেলা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ১৭ জনকে মৃত ঘোষণা করেন। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় আটজন সন্দেহভাজন জড়িত থাকতে পারে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে সশস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি টাউনশিপে বাড়িতে পার্টি চলাকালে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকায় ওই হামলা হয়।

পুলিশ জানায়, পার্টিতে এক নারী ও ১৩ জন পুরুষসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন। তিনজন সশস্ত্র ব্যক্তি সেখানে থাকা অতিথিদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে বড় উদ্বেগের কারণ। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন বলে জানা গেছে।

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের কাছে সহিংস অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন