যুদ্ধের আগুন ছড়াচ্ছে পশ্চিম এশিয়ায়! সৌদি-হুতি হামলায় নিহত ৫
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুতেও টান পড়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ শহরে হুতিদের ড্রোন হামলায় এক ইয়েমেনি নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন।
অন্যদিকে হুতি-সমর্থিত টেলিভিশন আলমাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের তায়েজ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আবস শহরে পৃথক হামলায় আরও একজন আহত হয়েছেন। পরে হুতি-সমর্থিত গণমাধ্যমটি দাবি করে, সৌদি-সমর্থিত বাহিনীর হামলায় তিন ইয়েমেনি শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলীয় খামিস মুশায়িতের একটি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেন তিনি। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে। হুতিদের হামলা মোকাবিলায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সৌদি আরব অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করেছে বলে সূত্রটি জানিয়েছে।
সৌদির মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত থাকায় ওয়াশিংটনের কাছ থেকেও প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সহায়তা সীমিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় সৌদি আরব ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারি কর্মকর্তাদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে ইরানের সহায়তা চেয়েছে চীন। সৌদি আরবের অনুরোধের পর বেইজিং এ উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
