যুদ্ধ শেষের দিকে, ইরানের সঙ্গে কথা হচ্ছে: ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। এর আগে গালফ নিউজের এক প্রতিবেদনে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
ট্রাম্প বলেন, ‘আমরা আশা করছি, যুদ্ধের শেষের দিকে এগিয়ে যাচ্ছি।’
তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পেয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।
তবে কার সঙ্গে বা কীভাবে এই যোগাযোগ হয়েছে এবং সম্ভাব্য চুক্তির বিষয়ে কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অবসান এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তুলনামূলক সতর্ক অবস্থান জানানো হয়েছে। ইরানি কর্মকর্তারা এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে বিভিন্ন শর্তের কথা জানিয়েছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যকে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের একটি ইঙ্গিত হিসেবে দেখা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।