EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার খরচ, মার্কিন অস্ত্রভান্ডারে ঘাটতির শঙ্কা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার খরচ, মার্কিন অস্ত্রভান্ডারে ঘাটতির শঙ্কা

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের বিরুদ্ধে ছয় মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত প্রায় ৩৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। প্রতি মাসে এই ব্যয় আরও প্রায় ৩ বিলিয়ন ডলার করে বাড়ছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের নিরপেক্ষ সংস্থা কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)।

সিবিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে ২০২৭ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধ মার্কিন অর্থনীতির পাশাপাশি দেশটির সামরিক সক্ষমতার ওপরও চাপ তৈরি করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে। এসব অস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এতে চীন বা অন্য কোনো অঞ্চলে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় পেন্টাগনের কয়েকটি স্থাপনা, যুদ্ধবিমান ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে।


তবে মার্কিন অস্ত্রের ঘাটতির তথ্য খণ্ডন করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। তাদের দাবি, প্রেসিডেন্টের নির্ধারিত কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির নেতারা যুদ্ধের ব্যয় ও এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় যুদ্ধের বিপুল ব্যয় দেশটির বাজেট ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন