ইরান যুদ্ধের উত্তাপ জার্মানিতে! গোপন বৈঠকে ৮ দেশের সামরিক কর্মকর্তারা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে গোপন বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাত আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং হুতিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
অ্যাক্সিওসের প্রতিবেদনে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, গত সপ্তাহে জার্মানিতে উচ্চপর্যায়ের ওই বৈঠকের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৈঠকটির বিষয়ে অংশগ্রহণকারী কোনো সরকারই আগে প্রকাশ্যে ঘোষণা দেয়নি।
বৈঠকে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারী কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও জার্মানিতে আট দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই ছিল সম্মেলনের অন্যতম লক্ষ্য।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বৈঠকে ব্র্যাড কুপার জানান, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হলেও অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচল বাড়াতে ওয়াশিংটনের পরিকল্পনা সম্পর্কেও তিনি সামরিক কর্মকর্তাদের অবহিত করেন।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল আইয়াল জামির একাধিক ফ্রন্টে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে বিস্তারিত তথ্য দেন।
২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সামরিক সহযোগিতা ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় এই সহযোগিতা বেড়েছে।
এদিকে, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা জোরদার এবং বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তাদের তৎপরতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অ্যাক্সিওসের উদ্ধৃত একটি সূত্র জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে ইসরায়েলের সম্ভাব্য সহায়তা নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য ও নজরদারি সহযোগিতা থাকতে পারে।
সূত্র: এএনআই, অ্যাক্সিওস