EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তিব্বতে হিমবাহধস-বন্যার পর এবার ৫ মাত্রার ভূমিকম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম

তিব্বতে হিমবাহধস-বন্যার পর এবার ৫ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

অ অ

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। খবর রয়টার্সের।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলো থেকে কয়েক শ মাইল উত্তরে অবস্থিত।

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।


এদিকে তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে চীন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদটির পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

হিমবাহধস, বন্যা ও একের পর এক ভূমিকম্পের ঘটনায় তিব্বতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন