EN ☀️
×

Follow Us

রাজনীতি

রংপুরে শিক্ষক পরিবার হত্যা ও মব কালচার বন্ধের দাবিতে জাসদের বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

রংপুরে শিক্ষক পরিবার হত্যা ও মব কালচার বন্ধের দাবিতে জাসদের বিক্ষোভ
অ অ

রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে সুপরিকল্পিত হত্যার স্বাধীন তদন্ত এবং দেশজুড়ে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মব কালচার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টায় জাসদ চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন ও তোপখানা রোড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাসদ চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মোহম্মদ মোহসীনের সঞ্চালনায় সমাবেশে দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার হত্যাকাণ্ড এবং পরবর্তীতে পুলিশি তদন্তে রাখঢাক, অসচ্ছতা ও আলামত নষ্টের অভিযোগ জনমনে গভীর সন্দেহের উদ্রেক করেছে। ঘটনাকে আড়াল করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তারা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। সাম্প্রতিককালে হত্যা, ধর্ষণ, বলৎকার, নির্যাতন ও মবের ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এবং জনজীবনে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে তারা মন্তব্য করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনা এবং পুনর্গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে অবৈধভাবে গ্রেপ্তারের দুই বছর অতিক্রান্ত হয়েছে এবং সাজানো মামলায় ফরমায়েশি রায়ে তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা শতাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফরমায়েশি রায় বাতিল করে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

আরও পড়ুন