২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ২ হাজার
অক্টোবরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৭১ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৭১ জন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৯৭ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস আগস্টে মারা যান ৪৩ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত আগস্ট থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে যায়। গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪৩ হাজার ৭৭৪ জন। এর আগের মাস আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬।
জুনে ২ হাজার ৯০৬ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৬ জন।