ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী ভর্তি
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে হাসপাতালে। ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৫৮ জন। মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন ও জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন।
চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এছাড়া খুলনায় ৩০৪, চট্টগ্রামে ২৯৩, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে ৭০ জন ভর্তি হয়েছেন।