ডেঙ্গুতে সেপ্টেম্বরেই ১৪২ মৃত্যু, নতুন ভর্তি ১৯৪২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। চলতি সেপ্টেম্বরের ২৯ দিনে ডেঙ্গুতে ১৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মারা গেছেন ছয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (২৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
নতুন ছয় মৃত্যুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪২ জনসহ চলতি বছরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে।
