১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির উদ্বোধন করবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন নিয়ে জরুরি মতবিনিময় সভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অভিযানের উদ্বোধনী কর্মসূচি সমন্বয়ের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা থাকবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়ে। এ সময়ে ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। তাই রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসাকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন।
নর্দমা, খাল, পুকুরের কচুরিপানা ও খেলার মাঠসহ এডিস মশার প্রজননস্থল হতে পারে, এমন স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী শয্যার সংখ্যা বাড়ানো হবে।
উদ্বোধনী কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক দল, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন।
একই সময়ে ৬৪ জেলা ও ৫০৩ উপজেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর জেলা ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এ কার্যক্রম চালাবেন।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ্ ফারাহ শাম্মী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
