ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
দেশে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১১৩ জন, ভর্তি ৪১ হাজারের বেশি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১৩ জনের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩২ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন। দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ১৪৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ১৭৬ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১৭১ জন। চট্টগ্রাম বিভাগে ১২৩ জন এবং খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ১৬৩ জন। ময়মনসিংহে ভর্তি হয়েছেন ৫০ জন, রাজশাহীতে ৪৯ জন ও রংপুরে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুও হয় ওই বছর, মোট ১ হাজার ৭০৫ জনের।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
