অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, হুমকির মুখে কড়া নিরাপত্তায় তারকারা
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম
সম্প্রতি সন্ত্রাসীদের ক্রমাগত হুমকিতে বদলে গেছে বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থা।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর বলিউড তারকাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একের পর এক তারকাদের সন্ত্রাসী হুমকি এবং সর্বশেষ অভিনেতা তুষার কাপুরকে দেওয়া প্রাণনাশের হুমকির পর বলিপাড়ার নিরাপত্তা ব্যবস্থা আমূল বদলে গেছে।
অল ইন্ডিয়া সিনিয়র ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বলিউডের সেলিব্রিটিদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি পাঠিয়েছে। অভিনেতা তুষার কাপুরকে দেওয়া হুমকিটি আসল নাকি ভুয়া, তা বর্তমানে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
বলিউডের বিখ্যাত অভিনেতা ও নিজস্ব প্রাইভেট সিকিউরিটি কোম্পানির মালিক রনিত রায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে নিশ্চিত করেছেন যে, সাম্প্রতিক ঘটনার পর তারকাদের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ‘‘হ্যাঁ, সেলিব্রিটিদের মধ্যে নিরাপত্ত বাড়ানোর দাবি অনেক বেড়েছে। তবে এগুলো সবই প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রত্যেকেই এখন খুব সতর্ক থাকতে এবং সুরক্ষিত অনুভব করতে চান।’’
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি জানান, ‘‘দিনের আলোয়, এত মানুষের সামনে এবং একটি থানার ঠিক বাইরে গুলিবর্ষণের ঘটনাটি সবাইকে আতঙ্কিত করে দিয়েছে। স্পষ্ট করে কেউ না বললেও অভিনেতা, পরিচালক ও প্রযোজক— সবাই এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সবাই নিজের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীকে হাই-অ্যালার্টে রেখেছেন।
তাঁরা অপ্রয়োজনে উন্মুক্ত স্থানে যাওয়া ও মানুষের সাথে দেখা করা এড়িয়ে চলছেন বলে জানান তিনি।
বলিউড তারকাদের জনসমক্ষে আসার ধরণে ইতিমধ্যেই এই কড়া নিরাপত্তার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। প্রতি রবিবারের মতো কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ের জুহুতে তাঁর বাসভবন ‘জলসা’-র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন, তবে এবার দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন।
মেগাস্টার অমিতাভকে এবার একটি বিশেষ বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপের আড়াল থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সে সময় তাঁর ছেলে অভিষেক বচ্চন পাশে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টি নিজে তদারকি করছিলেন।
অন্যদিকে, গত সোমবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিনেও মান্নাতের বাইরে নজিরবিহীন নিরাপত্তা প্রোটোকল দেখা গেছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে মান্নাতের সামনের পুরো রাস্তাটি সিল করে দেওয়া হয়েছিল এবং শুরুতে ভক্তদের জড়ো হতেই দেওয়া হয়নি।
পরবর্তীতে সন্ধ্যায় শাহরুখ যখন ভক্তদের দেখা দেন, তখন তিনি বরাবরের মতো সীমানা প্রাচীরের কাছে বা বিশেষ সিঁড়িতে না এসে, অনেকটা দূরত্ব বজায় রেখে নিজের বাসভবনের ছাদ থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত শুটাররা হামলার আগে অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমারের মতো বলিউডের প্রথম সারির তারকাদের বাসভবনে নজরদারি করেছিল।
এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর মুম্বাই পুলিশ প্রতিটি তারকার নিরাপত্তা ব্যবস্থা নতুন করে তদারকি করছে।
