EN ☀️
×

Follow Us

বিনোদন

গাড়ি লক্ষ্য করে গুলিকাণ্ডে যা জানালেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

গাড়ি লক্ষ্য করে গুলিকাণ্ডে যা জানালেন আসিফ আকবর

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ঘটনার সময় অফিসে থাকলেও ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা দেরি হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন আসিফ।

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্ত করছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আসিফ আকবর অক্ষত রয়েছেন।

ঘটনার সময় মগবাজারে নিজের অফিসে ছিলেন আসিফ। নিচে পার্ক করা ছিল তাঁর গাড়ি। বের হওয়ার প্রস্তুতি নিলেও ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা দেরি হয় তাঁর। এর মধ্যেই গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গণমাধ্যমকে আসিফ বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তাঁরা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’


নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে আসিফ বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’

পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় শোবিজ অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন