EN ☀️
×

Follow Us

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নতুন কাজের খবর দিলেন ফারুকী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নতুন কাজের খবর দিলেন ফারুকী

ছবি: সংগৃহীত

অ অ

আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও বিষয়টিকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী। একই সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করে নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

সংসার ভাঙনের গুঞ্জন প্রসঙ্গে ফারুকী বলেন, তাকে নিয়ে আগে থেকেই নানা অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণও শুরু হয়েছে। তবে এসব বিষয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে চান না।

ফারুকী বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’

নতুন কাজ নিয়ে ব্যস্ত ফারুকী

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও নির্মাণকাজে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। তিনি জানান, গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন তিনি। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।

ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের এবং বাকি দুটি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সেটির শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে এই নির্মাতার। ইতোমধ্যে একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন। পাশাপাশি নতুন আরেকটি সিনেমার গল্প লেখার কাজ শুরু করেছেন তিনি।

নতুন আন্তর্জাতিক সিনেমায় দেখা যেতে পারে তিশাকে

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

তিশার নতুন কাজের বিষয়ে ফারুকী জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। তবে সিনেমাটি সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

যেভাবে পরিচয় ফারুকী-তিশার

কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।

আরও পড়ুন