কিছুদিন ধরে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও তাঁর বিয়ের খবর প্রকাশিত হয়েছে। তবে এসব খবরে প্রভার কোনো বক্তব্য ছিল না।
এবার সেই গুঞ্জনের অবসান ঘটালেন প্রভা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি বিয়ে করেননি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা লেখেন, তাঁদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবেও তুলে ধরতে পারে। তবে এই শক্তির সঙ্গে দায়িত্বও আসে।
প্রভার অনুরোধ, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করা হোক। একই সঙ্গে বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়ার এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।
নিজের অনুসারীদেরও সতর্ক করেছেন প্রভা। তিনি বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন।
প্রভা জানান, তাঁর ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা অন্য কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি তাঁর ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন। অনুসারীদের ভালোবাসা ও সমর্থন তাঁর শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গুঞ্জন ছড়ায়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গত কয়েক মাসে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত।
চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি পোস্ট করেন তিনি। এরপর বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
এ ছাড়া গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন পোস্টও দেন এই অভিনেত্রী। এসব পোস্টকে ঘিরেই তাঁর বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে এবার নিজেই সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে পরিষ্কার করলেন প্রভা।
