শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা করবে সরকার: ববি হাজ্জাজ
মো: মফিদুল ইসলাম সরকার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
স্থানীয় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নতুন ধারণা ও সৃজনশীল প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা করবে সরকার। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুযোগ তৈরির কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’-এর বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমন স্থানীয় সমস্যা চিহ্নিত করতে হবে, যার বাস্তবসম্মত ও কার্যকর সমাধান তারা নিজেরাই প্রস্তাব করতে পারবে। সমস্যা ও এর প্রভাব তুলে ধরতে জরিপ, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন ও গবেষণার তথ্য ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার টুলও সহায়ক হিসেবে নেওয়া যাবে।
তিনি বলেন, সমাধান প্রস্তাবে বাস্তবায়নযোগ্যতা, প্রয়োজনীয় অর্থ, জনবল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার বিষয় স্পষ্ট করতে হবে। সাময়িক উদ্যোগের বদলে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানকে গুরুত্ব দিতে হবে।
ববি হাজ্জাজ জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২৪টি দলকে বিস্তারিত লিখিত প্রতিবেদন জমা দিতে হবে। সাত সদস্যের বিচারক প্যানেল সেগুলো মূল্যায়ন করে সেরা পাঁচটি দল নির্বাচন করবেন। তারা জাতীয় পর্যায়ে ১৫ মিনিটের উপস্থাপনার সুযোগ পাবে। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত তিনটি দল তাদের প্রস্তাব বাস্তবায়নে সংসদ সদস্যের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। শিক্ষা-সংশ্লিষ্ট প্রস্তাবের ক্ষেত্রে প্রতিমন্ত্রীর কার্যালয়ও সহযোগিতা করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে তাদের হাত ধরেই দেশ পরিবর্তনের সূচনা হতে পারে।
কর্মশালায় প্রতিযোগিতার বিচারক, আয়োজক দলের সদস্য, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
