EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ

৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
অ অ

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে, যা ২০২০ সালের অটোপাসের পর সর্বনিম্ন। এ ছাড়া ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন।

বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এবার ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, আর মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। এ বছর বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের আট জেলায় মাত্র ৯টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।


বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেভাবে লিখেছেন, সেভাবেই নম্বর পেয়েছেন। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। এ কারণে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

আরও পড়ুন