প্রেমঘটিত বিরোধের জেরে বিষপান, শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন মারা গেছেন।
ঘটনার ৯ দিন পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বেলা ৩টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। নিহত শাহরিয়ার বাঁধনের বয়স ২১ বছর। তিনি রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি ক্যাম্পাসের পাশের টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বাঁধনের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী ও তার এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথাকাটাকাটি হয়। তার মোবাইলে এ-সংক্রান্ত কল রেকর্ড ও বার্তা পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।
সহপাঠীদের সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় কীটনাশক পান করেন শাহরিয়ার। প্রথমে তিনি বিষয়টি সহপাঠীদের জানাননি। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা বিভাগের শিক্ষকরা খবর পেয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জানি, যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধ থেকেই সে বিষপান করেছে। এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন ইঁদুরের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় ৪-৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
