জাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, জাবি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের উপ-পরিচালক রিচার্ড ব্রুনার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথভাবে ডিগ্রি অর্জন এবং শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশের শিক্ষা কারিকুলাম উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্যোগ ও ভূমিকা নিয়েও আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি মার্কিন দূতাবাসের আগ্রহের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফাউন্ডার্স মিউজিয়ামের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে অংশ নেন।
