EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফুলব্রাইট স্কলারশিপসহ শিক্ষা সহযোগিতা বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

ফুলব্রাইট স্কলারশিপসহ শিক্ষা সহযোগিতা বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক
অ অ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানোর বিষয়টি।

প্রতিবছর আরও বেশি শিক্ষার্থীকে এই স্কলারশিপের আওতায় আনার বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ। সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় আসে।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ভাষাশিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়েও কথা হয়।

স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে, এমন গবেষণায় শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির মতো ক্ষেত্র রয়েছে।

বৈঠকে শিক্ষা খাতের সার্বিক মানোন্নয়ন এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়টি নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

আরও পড়ুন