বৈশ্বিক অংশীদারত্বে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ এএম
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৌশলগত সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ জন্য বৈশ্বিক অংশীদারত্ব ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় জাতীয় স্বার্থ রক্ষা এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারত্বকে গুরুত্ব দিচ্ছে। একটি অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ গড়তেও এ ধরনের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, জার্মানিসহ দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, মানবিক ও সামাজিক উন্নয়ন এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, গ্লোবাল সাউথ ও গ্লোবাল নর্থের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্পর্ক উভয় পক্ষের জন্য লাভজনক ও পরিপূরক হতে পারে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে ‘বাংলাদেশ প্রথম’ নীতি বাস্তবায়ন করছে সরকার। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে নতুন সুযোগ কাজে লাগাতেও বাংলাদেশ সচেষ্ট।
প্রতিমন্ত্রী জানান, গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশে আশ্রিত ১২ লাখের বেশি রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাঁদের টেকসই প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশ সোচ্চার থাকবে।
গোলটেবিল আলোচনায় থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের দেশগুলোর মধ্যে সহযোগিতার ভবিষ্যৎ এবং বর্তমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
