বাণিজ্য ও পর্যটন খাতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম
ছবি: সংগৃহীত
নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস। সভায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নেপালের বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘বাণিজ্য ও পর্যটন সম্পর্ক জোরদার’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি। তিনি বলেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, আকাশপথে যোগাযোগ, পর্যটন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চট্টগ্রামের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি নেপালের বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি যোজনা বামজান দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতার সম্ভাবনা ও অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ নিয়ে আলোচনা হয়।
এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মুস্তাফা এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. নুরুল আনোয়ার। তাঁরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, ভ্রমণ ও পর্যটন খাতের পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।