EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বিদেশি বিনিয়োগ আনলে ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিক এ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

বিদেশি বিনিয়োগ আনলে ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

অ অ

দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো মধ্যস্থতাকারী বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে নতুন মূলধন আনতে পারলে সেই বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা পাবেন। তবে এ সুবিধা পেতে অন্তত ১০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ আনতে হবে।

এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় এ নীতিমালার প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ক্ষমতাবলে প্রণীত এ নীতিমালা অবিলম্বে কার্যকর হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিক এ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি, দেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও আবেদন করতে পারবে। আবেদনকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং ই-টিআইএন থাকতে হবে।

হিসাব অনুযায়ী, কেউ ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা পাবেন ১২ হাজার ৫০০ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। আর ১ কোটি ডলারের বিনিয়োগ আনলে প্রণোদনা হবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।

তবে প্রণোদনার পুরো অর্থ একবারে দেওয়া হবে না। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসা ও ব্যাংকে নগদায়ন নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে দেওয়া হবে ৫০ শতাংশ। বাকি অর্ধেক দেওয়া হবে বিনিয়োগ আসার এক বছর পর। এ সময় বিনিয়োগকারী প্রতিষ্ঠান কারখানা স্থাপন করেছে কি না, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে কি না এবং বিনিয়োগের মূলধন দেশে বহাল আছে কি না, তা যাচাই করা হবে।

প্রণোদনার অর্থ দেওয়া হবে স্থানীয় মুদ্রায়। তবে প্রবাসী বাংলাদেশিরা এ অর্থ বিদেশে নিতে পারবেন। এ জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শুধু নতুন ইক্যুইটি বা মূলধন বিনিয়োগের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য আনা বিনিয়োগে প্রণোদনা দেওয়া হবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী নিজের ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ আনলে তা গ্রহণযোগ্য হবে। নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা বিনিয়োগের জন্যও প্রণোদনা দেওয়া হবে না।

স্বার্থের সংঘাত এড়াতে নীতিমালায় বেশ কিছু শর্ত রাখা হয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মচারী, শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীর আত্মীয় এ প্রণোদনা পাবেন না। এখানে আত্মীয় বলতে স্বামী বা স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন এবং বংশানুক্রমিক পূর্বপুরুষ বা উত্তরাধিকারীকে বোঝানো হয়েছে।

এ ছাড়া বিনিয়োগের দুই বছর আগে থেকে দুই বছর পর পর্যন্ত বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না। ডিজিটাল ব্যাকগ্রাউন্ড চেক ও হলফনামার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। পরে এ শর্তের ব্যত্যয় প্রমাণিত হলে প্রণোদনার অর্থ ফেরত দিতে হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রণোদনা পেতে বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পোর্টালে সম্ভাব্য বিনিয়োগের তথ্য বা ‘লিড’ নিবন্ধন করতে হবে। এ সময় সমঝোতা স্মারক, স্বাক্ষরিত টার্ম শিট বা সময় উল্লেখ করা ই-মেইলের মতো প্রমাণ জমা দিতে হবে। নিবন্ধনের পর আবেদনকারী একটি ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ পাবেন। বিনিয়োগের অর্থ নগদায়নের ৩০ দিনের মধ্যে প্রণোদনার জন্য আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীর সুপারিশপত্রও জমা দিতে হবে।

আবেদন যাচাইয়ের জন্য ১০০ নম্বরের মূল্যায়ন কাঠামো রাখা হয়েছে। প্রণোদনা পেতে আবেদনকারীকে অন্তত ৭০ নম্বর পেতে হবে। বিনিয়োগের পরিমাণ যত বেশি হবে, নম্বরও তত বেশি পাওয়া যাবে। ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের বিনিয়োগের ক্ষেত্রে এ খাতে ৪ নম্বর এবং ২ কোটি ডলারের বেশি বিনিয়োগে ১৬ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। নগদ অর্থে বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ গ্রহণযোগ্য হবে না। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তায় বিনিয়োগের অর্থের উৎস যাচাই করা হবে।

আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দেবে অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের জাতীয় পর্যালোচনা কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থসচিব ও পররাষ্ট্রসচিব।

প্রণোদনার অর্থ দিতে প্রতি অর্থবছরের শুরুতে অর্থ বিভাগ একটি ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ গঠন করবে। আগের বছরে দেশে আসা বিদেশি বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে এ তহবিলে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ স্কিমের অগ্রগতি জানাতে ইনভেস্ট বাংলাদেশ প্রতিবছর একটি ড্যাশবোর্ড প্রকাশ করবে।


দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি বিনিয়োগের পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫ সালে দেশে নিট এফডিআই এসেছে ১৭৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি। তবে এ প্রবৃদ্ধির বড় অংশ এসেছে বিদ্যমান বিদেশি কোম্পানিগুলোর পুনর্বিনিয়োগ করা মুনাফা ও আন্তকোম্পানি ঋণ থেকে। নতুন মূলধন বা ইক্যুইটি বিনিয়োগ এসেছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ বেশি। নতুন স্কিমের মূল লক্ষ্য এ নতুন মূলধন বিনিয়োগ বাড়ানো।

গত বছর দেশে আসা নতুন ইক্যুইটি বিনিয়োগের পুরোটা এ স্কিমের আওতায় এলে প্রণোদনা বাবদ সরকারের ব্যয় হতো প্রায় ৬৯ লাখ ডলার বা ৮৬ কোটি টাকা।

চলতি বছরের ২০ আগস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হয়। বিদেশে থাকা বাংলাদেশিদের ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ আনার এ উদ্যোগের খসড়া বিডার সময় থেকেই তৈরি হচ্ছিল।

আরও পড়ুন