শনিবার থেকে কারখানা চালু হবে : শ্রমমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দেশের সব কলকারখানা শনিবার থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে বলে প্রত্যাশা করছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আজ যে সমস্যা তৈরি হয়েছে, আগামীকাল তা থাকবে না, এমন নয়। তাই হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
তিনি বলেন, শ্রমিকদের যেমন কথা বলার অধিকার আছে, তেমনি সরকারেরও তা শোনার দায়িত্ব রয়েছে। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক নেতারা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং মালিকপক্ষও এসব দাবির বিরোধিতা না করে একটি সুন্দর পরিবেশে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। আন্দোলনের শুরু থেকে মজুরি বোর্ডের কার্যক্রম পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন।
একইভাবে মালিকপক্ষের নেতারাও মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়েছেন। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড গঠন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং শ্রমিক-মালিকের সমন্বয়ে একটি সুন্দর সমাধান চেয়েছেন। মজুরি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সমাধান হয়েছে।
তিনি দেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।