আমানত বাড়লেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণ বিতরণে ভাটা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত
গত এক বছরে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা ও প্রকৃত ঋণের ব্যবধান প্রায় ৪১ শতাংশ বেড়েছে। গত জুন শেষে এ ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। আমানত বাড়লেও ঋণ বিতরণ না বাড়ায় অব্যবহৃত অর্থের পরিমাণ দিন দিন বাড়ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা।
গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আমানত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। বিপরীতে ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম। অর্থাৎ ব্যাংকগুলোতে আমানত জমা হলেও তা বেসরকারি খাত ও উদ্যোক্তাদের ঋণ হিসেবে দেওয়া হচ্ছে না। এতে ঋণ দেওয়ার সক্ষমতা ও প্রকৃত ঋণের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা কমে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ বছরের প্রথম ছয় মাসে ঋণের পরিমাণ কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ। ঋণের সঙ্গে যুক্ত সুদের অর্থ বাদ দিলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধির চিত্র আরও দুর্বল হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঋণ-আমানত অনুপাত কম
ব্যাংকগুলো আমানতের কত অংশ ঋণ হিসেবে বিতরণ করছে, তা বোঝা যায় ঋণ-আমানত অনুপাতের (এডিআর) মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত এডিআর রাখতে পারে। অর্থাৎ কোনো ব্যাংকে ১০০ টাকা আমানত থাকলে সর্বোচ্চ ৮৫ টাকা ঋণ দিতে পারে।
তবে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর এখন প্রায় ৬০ শতাংশ। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ছয়টি ব্যাংকের প্রতিটির এডিআর কমেছে।
এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম, ৪৮ শতাংশ। গত ডিসেম্বরে এটি ছিল ৫৮ শতাংশ। অন্যদিকে জনতা ব্যাংকের এডিআর সবচেয়ে বেশি, ৮১ শতাংশ।
চলতি বছরের মার্চেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধি ছিল ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ, প্রায় ১২ শতাংশ। কিন্তু ঋণ প্রবৃদ্ধি ছিল সর্বনিম্ন ২ দশমিক ৪ শতাংশ। ওই সময় পুরো ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ।
মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এডিআর ছিল প্রায় ৬৭ শতাংশ। বিপরীতে বেসরকারি ব্যাংকগুলোর এডিআর ছিল ৮০ শতাংশ এবং পুরো ব্যাংক খাতের এডিআর ছিল প্রায় ৭৬ শতাংশ।
দেশের ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ২৪ শতাংশ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে। কিন্তু মোট ঋণের বিপরীতে তাদের অংশ মাত্র ১৯ শতাংশ। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলোর হাতে ব্যাংক খাতের ১৭ শতাংশ আমানত থাকলেও তারা মোট ঋণের ২৭ শতাংশ বিতরণ করেছে।
ঋণ বিতরণ কমার কারণ
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এখন বড় ঋণ দেওয়ার চেয়ে ছোট, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। তাই ঋণের প্রবাহ কম মনে হচ্ছে। কিন্তু এসব ঋণের ঝুঁকি কম। তা ছাড়া এখন প্রচুর ঋণ অবলোপন হচ্ছে। কিন্তু সেই তুলনায় ঋণ বিতরণ হচ্ছে না। তাই তুলনামূলক হিসাবে আমানত সংগ্রহের চেয়ে ঋণ বিতরণ কম দেখা যাচ্ছে। এ ছাড়া বিনিয়োগ মন্দা তো আছেই। অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদহার এবং ব্যাংকগুলোর সতর্ক অবস্থানের কারণে ঋণ বিতরণ বাড়ছে না।’
তিনি বলেন, ‘ঋণ দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের সতর্কতা কাজ করছে। ভবিষ্যতে ঋণের কারণে জবাবদিহির মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কায় অনেকে নতুন ঋণ দিতে আগ্রহী হচ্ছেন না।’
ব্যবসায়িক পরিস্থিতিও ঋণের চাহিদা কমার পেছনে ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমেছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং দাম নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবায় পরিবর্তন প্রয়োজন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং মানুষের আস্থার কারণে এসব ব্যাংকে আমানত বেশি আসে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলেও শাখা থাকায় সাধারণ মানুষ সহজে আমানত রাখতে পারেন।
তবে বড় ব্যবসায়ীরা দ্রুত সেবা ও নমনীয়তার কারণে বেসরকারি ব্যাংকের দিকে বেশি ঝুঁকছেন। বেসরকারি ব্যাংকগুলো গাড়ি ও ফ্ল্যাট কেনার ঋণসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা দিচ্ছে। এসব ক্ষেত্রেও তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে এগিয়ে।
নাজনীন আহমেদ বলেন, ‘ভবিষ্যতেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে এ জন্য তাদের দক্ষতা বাড়াতে হবে, ঋণসেবার পরিধি বিস্তৃত করতে হবে এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতে হবে।’
দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকেও ঋণ প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর হাতে অর্থ রয়েছে, অথচ বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল। এর অর্থ, উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অথবা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাচ্ছেন না।
উৎপাদন ও কর্মসংস্থানে ঋণ বাড়ানোর নির্দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকগুলোর কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষক, নারী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে—এমন খাতে ঋণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নাজমা মোবারেক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার তুলনায় বেশির ভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এডিআর অনেক কম। ফলে বিদ্যমান আমানতের একটি অংশ ভালো ও আয় সৃষ্টিকারী ঋণে রূপান্তরের সুযোগ রয়েছে। তবে এডিআর বাড়ানোর জন্য কোনোভাবেই ঋণ দেওয়ার মানদণ্ড শিথিল করা যাবে না।’
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর মধ্যে সিএমএসএমই ঋণ বিতরণের চিত্রও হতাশাজনক। গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের এ খাতে ঋণের পরিমাণ ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ব্যাংকগুলো। ২০২৫-২৬ অর্থবছরে ছয়টি ব্যাংক সম্মিলিতভাবে প্রায় ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ। এ ক্ষেত্রে শুধু বিডিবিএল নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
সূত্র: কালের কণ্ঠ



