EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
অ অ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।

বৈঠকে প্রতিনিধিদল প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধিদলের উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে নিজেদের আগ্রহের কথা জানায়।

সাক্ষাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন