EN ☀️
×

Follow Us

অর্থনীতি

দুই দফা বাড়ার পর আবারও কমল স্বর্ণের দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

দুই দফা বাড়ার পর আবারও কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বাজারে টানা দুই দফা বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভ্যাটসহ নির্ধারিত নতুন দাম বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা করা হয়েছিল।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। দুই দফা বাড়ানোর পর এবার আবার দাম কমানো হলো।

এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার অলঙ্কারের দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন