EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা
অ অ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে গুদামের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে পণ্য সংরক্ষণের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে সংস্থাটির মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন হবে।

তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজস্ব গুদামের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আপৎকালীন মজুত বা বাফার স্টক বাড়াতে সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে টিসিবি। এ সমীক্ষা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে। বাজারে চাহিদা বেড়ে যাওয়া, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহে বিঘ্ন ঘটলে যেন সংকট মোকাবিলা করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য অন্তত এক মাসের চাহিদা মেটানোর মতো মজুত রাখতে চায়। পাশাপাশি প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করছে।

বিশেষ করে রমজানের মতো মৌসুমে পণ্যের বাড়তি চাহিদা সামাল দিতে আগাম সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া সহজ হবে।

আরও পড়ুন