EN ☀️
×

Follow Us

অর্থনীতি

অর্থনীতি বাঁচাতে আগে স্থিতিশীলতা, পরে রাজনীতি: সৈয়দ এরশাদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

অর্থনীতি বাঁচাতে আগে স্থিতিশীলতা, পরে রাজনীতি: সৈয়দ এরশাদ

ছবি: সংগৃহীত

অ অ

অর্থনীতি সচল রাখা এবং বিনিয়োগের পরিবেশ স্বাভাবিক রাখতে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর সাবেক প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।

তিনি বলেন, বর্তমান সময়ে বিনিয়োগের পরিবেশ পুরোপুরি অনুকূলে নেই। অর্থনীতিকে আগে স্থিতিশীল অবস্থায় নিতে হবে। রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের হুমকি থাকলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।


গতকাল বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন বিশ্লেষণ করে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, “আমি বলব, ইনভেস্টমেন্ট ক্লাইমেট একেবারেই অনুকূলে নেই। আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। আপনি যদি আবারও আন্দোলনের হুমকি দেন, তাহলে অর্থনীতির কী হবে? আগে অর্থনীতিটাকে দাঁড়াতে দেন। সবাই মিলে অর্থনীতি টিকিয়ে রাখেন। সবকিছু স্বাভাবিক থাকতে দিন।”

তিনি আরও বলেন, “আগে অর্থনীতি ঠিক করেন, পরে মারামারি-কাটাকাটি যা ইচ্ছা করেন। অর্থনীতি যদি ঠিক না হয়, তাহলে এসব করে কী লাভ হবে?”

ব্যবসা-বাণিজ্য সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে অ্যামচেমের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ব্যবসা না থাকলে সরকার কার কাছ থেকে কর নেবে? তাই ঠান্ডা মাথায় সরকারকে পরিকল্পনা নিতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাদের নিশ্চয়তা দিতে হবে যে ব্যবসা পরিচালনার পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। একই সঙ্গে বন্দরগুলোকে কার্যকর করতে হবে, যাতে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ে।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বিদেশি বিনিয়োগ শুধু পুঁজি নিয়ে আসে না; এর সঙ্গে প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা ও দক্ষতাও আসে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন