EN ☀️
×

Follow Us

অর্থনীতি

চট্টগ্রামে এক্সিম-ইউনিয়ন-সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের তালা

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৪৮ পিএম

চট্টগ্রামে এক্সিম-ইউনিয়ন-সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের তালা

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রামের আগ্রাবাদে এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। টাকা ফেরত না পাওয়া ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক না থাকায় ক্ষোভ থেকে এই কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (৪ মে) সকালে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’ ব্যানারে মানববন্ধন করেন আমানতকারীরা।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এক্সিম ব্যাংকের শাখায় যান এবং সেখানে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখাতেও একই কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকে আমানত আটকে পড়া, টাকা উত্তোলনে সীমাবদ্ধতা এবং ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। তবে সমাধান না পেয়ে এবার কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয় বলে জানা গেছে।

এক আমানতকারী সঞ্জয় কুমার বড়ুয়া বলেন, ‘আমার ৭০ লাখ টাকা গ্লোবাল ইসলামি ব্যাংকে আটকে আছে। আমরা আন্দোলনে গেলে ম্যানেজাররা পালিয়ে যান। আজ আমাদের সঙ্গে যা হচ্ছে, কাল অন্যদের সঙ্গেও হবে।’

নারী আমানতকারী রিনা খান অভিযোগ করে বলেন, ‘আমার ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রায় দেড় কোটি টাকা আছে। কিন্তু আমরা আসল টাকাও তুলতে পারছি না, লাভও পাচ্ছি না। ব্যাংকের কর্মীরা বেতন পাচ্ছে, আর আমরা জীবন চালাতে পারছি না।’

অন্যদিকে আগ্রাবাদ এক্সিম ব্যাংকের অপারেশন অফিসার মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা গ্রাহকদের সীমিত পরিমাণে, যেমন- দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত দিচ্ছি। বিষয়টি নিয়ে হেড অফিসের সঙ্গে আলোচনা চলছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন