EN ☀️
×

Follow Us

কূটনীতি

রমজানের আগেই আলজেরিয়া থেকে কম দামে খেজুর আমদানির উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

রমজানের আগেই আলজেরিয়া থেকে কম দামে খেজুর আমদানির উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

রমজানের আগেই আলজেরিয়া থেকে কম দামে খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম। প্রচুর খেজুর মজুতও রয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। 

রাষ্ট্রদূত আরও জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা চায় বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন