EN ☀️
×

Follow Us

কূটনীতি

কসোভোর বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

কসোভোর বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

কসোভোর বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। এ সময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান মন্ত্রী।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রস্তাব করা হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। 

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে দেশটির কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য কসোভোতে রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া কৃষি ও সেবা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে। শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে দুই পক্ষ একমত হয়।

আরও পড়ুন