EN ☀️
×

Follow Us

কূটনীতি

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে পাশে থাকতে আগ্রহী ইউনেস্কো

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে পাশে থাকতে আগ্রহী ইউনেস্কো

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণে সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের দায়িত্বও পালন করছেন।

বৈঠকে সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, সময়োপযোগী শিক্ষানীতি এবং শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি সব ধরনের শিক্ষকের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির পরামর্শ দেন। পাশাপাশি চাকরির আগে ও পরে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর কথা বলেন।

এ ছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সঠিক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়নের পাশাপাশি ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও উঠে আসে। 

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে ডিজিটাল শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীরাও উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট ব্যবহারের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহ্দী আমিন আরও বলেন, পাঠদানের মান নিশ্চিত করতে শিক্ষকদের কাজ পর্যবেক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন উভয় পক্ষ।

আরও পড়ুন