শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৯ জন শিক্ষার্থী ও শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
রবিবার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এগুলো হলো পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ।
পরিচ্ছন্নতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
বৃক্ষরোপণের বিষয়ে তিনি বলেন, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
এ ছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।