EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্লাস্টিক ও সিরামিক খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ বাংলাদেশ-কুয়েতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

প্লাস্টিক ও সিরামিক খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ বাংলাদেশ-কুয়েতের

ছবি: সংগৃহীত

অ অ

প্লাস্টিক, সিরামিক ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী উভয় পক্ষ।

বুধবার (১১ নভেম্বর) এফবিসিসিআইয়ের উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিক ও শিল্প উদ্যোক্তারা এতে অংশ নেন।

বৈঠকে মো. ফজলুল হক কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা নতুন অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে পারেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও ইকোনমিক) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও বাজারের সম্ভাবনা বিবেচনায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ানোর সুযোগ রয়েছে। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

বৈঠকে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। 

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে বিপুল পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এ খাতে যৌথ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে ভিসা জটিলতা দূর করার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে। অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ কুয়েতের আবাসন খাতে বাংলাদেশি সিরামিকসহ বিভিন্ন ফিনিশিং পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন।

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময় এবং যোগাযোগ বাড়াতে তাঁদের সংগঠনের সক্রিয় ভূমিকার আশ্বাস দেন।

অনলাইন বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতারা এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন