EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এনভিডিয়া সিইওর বিরুদ্ধে তদন্ত, বিনিয়োগকারীদের সামনে ৩ ঝুঁকি

এতে কোম্পানিটির নেতৃত্ব, করপোরেট সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

এনভিডিয়া সিইওর বিরুদ্ধে তদন্ত, বিনিয়োগকারীদের সামনে ৩ ঝুঁকি

ছবি: সংগৃহীত

অ অ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে থাকা এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নজরদারির খবর প্রকাশের পর এ তদন্ত শুরু হয়। এতে কোম্পানিটির নেতৃত্ব, করপোরেট সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে হুয়াংকে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর আগে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার বিষয়টি স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চান হুয়াং। একই সঙ্গে তিনি স্বীকার করেন, কোম্পানির কর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের প্রতি নিজের দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন।

এনভিডিয়া জানিয়েছে, কোম্পানির গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ তাদের কাছে নেই। তদন্তে সহযোগিতা করতে সম্মত হয়েছেন হুয়াং। তিনি আগের মতোই কোম্পানির নেতৃত্ব দিয়ে যাবেন।

তবে বিনিয়োগকারীদের জন্য এ ঘটনা শুধু ব্যক্তিগত বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বাইরেও কোম্পানিটির সামনে বেশ কয়েকটি ঝুঁকি তৈরি হয়েছে।

১. হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা

বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানিগুলোর একটিতে পরিণত হওয়ার পেছনে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের বড় ভূমিকা রয়েছে। কোম্পানিটির উত্থানের সঙ্গে তার নাম ও নেতৃত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জনসমক্ষে তার উপস্থিতি এবং কোম্পানির প্রযুক্তি সহজভাবে তুলে ধরার দক্ষতাও বিনিয়োগকারীদের কাছে এনভিডিয়ার ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ কারণে হুয়াংয়ের ভবিষ্যৎ, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কিংবা মনোযোগ ধরে রেখে নেতৃত্ব দেওয়ার বিষয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হতে পারেন।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তার ওপর আস্থা প্রকাশ করেছে। তবে তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে এলে সেই আস্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আপাতত নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি সামনে না এলেও দীর্ঘস্থায়ী বিতর্ক কোম্পানিটির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত এই নির্বাহীর প্রতি বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি শুধু জানি, তিনি একজন ভালো মানুষ। তবে কী ঘটছে, তা তো আপনি কখনোই জানেন না।’

এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের থাকা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার তা-ই মনে হয়। অবশ্যই।’

২. করপোরেট সুশাসন নিয়ে প্রশ্ন বাড়তে পারে

এই তদন্তের কারণে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বাইরের আইনজীবীদের সহায়তায় স্বাধীন পরিচালকেরা তদন্ত তদারকি করবেন। কোম্পানির গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে বিশ্বাস করার কারণ না থাকলেও সব ধরনের তথ্য খতিয়ে দেখার কথা জানিয়েছে পর্ষদ।

তদন্ত কীভাবে পরিচালিত হচ্ছে, সম্ভাব্য স্বার্থের সংঘাত যথাযথভাবে সামলানো হচ্ছে কি না এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্যে শীর্ষ কর্মকর্তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে কী ধরনের সুরক্ষাব্যবস্থা রয়েছে—এসব বিষয়ে বিনিয়োগকারীরা এখন স্পষ্ট ব্যাখ্যা চাইবেন।

তদন্তের ফলাফল এনভিডিয়ার করপোরেট সুশাসনের মান সম্পর্কে শেয়ারহোল্ডারদের মূল্যায়নেও প্রভাব ফেলতে পারে। স্বচ্ছ তদন্ত হলে ক্ষতি সীমিত রাখা সম্ভব। তবে পরিচালনা পর্ষদ অভিযোগগুলো স্বাধীনভাবে খতিয়ে দেখার পরিবর্তে প্রধান নির্বাহীকে রক্ষার চেষ্টা করছে—এমন ধারণা তৈরি হলে উদ্বেগ আরও বাড়তে পারে।

৩. চীন, রপ্তানি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক চাপ

এই অভিযোগের সঙ্গে চীনে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্কের বিষয়টিও জড়িয়ে গেছে। প্রতিবেদনে আলোচনায় আসা অ্যালিস হুয়াং নামের ওই নারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার একজন গ্রাহক। চীনে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকা উন্নত এআই চিপ সংগ্রহের চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটি আগে থেকেই নজরদারিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল। তবে এসব অভিযোগের মাধ্যমে এনভিডিয়ার প্রযুক্তি কিংবা গোপন তথ্য বেহাত হওয়ার বিষয়টি এখনো প্রমাণিত হয়নি।

তবু এ বিতর্কের কারণে ওয়াশিংটনের নজরদারি বাড়তে পারে। রিপাবলিকান আইনপ্রণেতারা হুয়াংকে কংগ্রেসে এ বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রপ্তানি নিয়ন্ত্রণ এবং উন্নত এআই চিপে প্রবেশাধিকার নিয়ে রাজনৈতিক সংবেদনশীলতা আরও বাড়তে পারে।

এর ফলে নতুন কোনো বিধিনিষেধ, নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ কিংবা নীতিনির্ধারকদের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্কের জটিলতা তৈরি হলে কোম্পানিটির জন্য বাড়তি অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এনভিডিয়ার শেয়ারে নেতিবাচক প্রভাব

এখন বড় প্রশ্ন হলো, এই বিতর্ক শুধু কোম্পানিটির ভাবমূর্তির সংকট হিসেবেই থাকবে, নাকি নেতৃত্ব, নিয়ন্ত্রণব্যবস্থা ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য বড় সমস্যায় পরিণত হবে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের নেতৃত্বের প্রতি কোম্পানির আস্থা রয়েছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্ব আগের মতোই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে এমন এক সময়ে এই তদন্ত শুরু হয়েছে, যখন এআই খাতে বিপুল বিনিয়োগের ধারাবাহিকতা এবং এই খাতের সুবিধাভোগী প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের উচ্চ মূল্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা চলছে।

পরিচালনা পর্ষদের তদন্তের ফলাফল, কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ এবং মেগাস্পিডকে ঘিরে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় কি না—এসব বিষয়ই নির্ধারণ করতে পারে, এনভিডিয়ার জন্য এই বিতর্ক সাময়িক থাকবে নাকি দীর্ঘমেয়াদি উদ্বেগের কারণ হয়ে উঠবে।

এদিকে সোমবার দিনের শুরুতে লেনদেনে এনভিডিয়াসংশ্লিষ্ট সম্পদের দাম কমেছে। বিদেশি গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে সিইও জেনসেন হুয়াংকে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার ঘোষণা দেওয়ার পর এ দরপতন ঘটে।

হাইপারলিকুইড এক্সচেঞ্জে এনভিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পারপেচুয়াল ফিউচার চুক্তির দাম ছিল প্রায় ১৮০ দশমিক ৩০ ডলার। ব্লু ওশান প্ল্যাটফর্মে বাজার-পরবর্তী লেনদেনেও প্রায় একই দাম দেখা গেছে। শুক্রবার নাসডাকে এনভিডিয়ার শেয়ারের সমাপনী দাম ১৮৬ দশমিক ৬৪ ডলারের তুলনায় তা প্রায় ৩ দশমিক ৪ শতাংশ কম।

আরও পড়ুন