EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় চীনের সিআরসিসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় চীনের সিআরসিসি
অ অ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীনের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। বিশেষ করে বন্দর, সড়ক, রেলপথ, সেতু ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সঙ্গে সিআরসিসির চেয়ারম্যানের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, সড়ক সচিব, সেতু বিভাগের সচিব, রেলওয়ে সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নৌপরিবহনমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বড় অবকাঠামো প্রকল্পে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

মন্ত্রী বলেন, সরকার দেশের যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব অবকাঠামো গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সিআরসিসির আন্তর্জাতিক অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। এ সময় বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তিনি বাংলাদেশের সড়ক, রেলওয়ে ও সামুদ্রিক অবকাঠামো খাতে প্রতিষ্ঠানটির চলমান সম্পৃক্ততার কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, কৌশলগত মহাসড়ক ও সেতু নির্মাণ, রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের বন্দর ও যোগাযোগ অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে দুই দেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন